স্টাফ রিপোর্টার : সালমা
নরসিংদী মডেল থানার উত্তর সাটিরপাড়া এলাকায় কথিত চাঁদাবাজি, জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মনি দাস, বিষু দাস ও রতন দাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী অংশ নিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বৈধ মালিকানাধীন ও ভোগদখলকৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, সর্বশেষ জমি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা ঘটনাস্থলে গেলে রিপন ও তার ভাতিজা সৌরভ বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করা হয়।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।
বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় জমি দখলের চেষ্টা, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় এবং চাঁদাবাজির মতো কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। এসব ঘটনার কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা দাবি করেন।
প্রতিবাদ সভা থেকে বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।